দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এতে নারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া হাসপাতালকর্মীসহ আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহর পাল্টা হামলায় এক ইসরাইলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (৩১ মে) স্থানীয় সময় দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। টাইর শহরের কাছে আব্বাসিয়েহ এবং একটি হাসপাতালসংলগ্ন এলাকাও হামলার লক্ষ্যবস্তু ছিল। দিনভর হামলায় বেশ কয়েকজন নিহত হন এবং আহত হন অনেকে। হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজতে উদ্ধার অভিযান শুরু করেন স্থানীয়রা।
এদিকে হিজবুল্লাহর পাল্টা হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে লেবাননে স্থল অভিযান আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি বলেন, সেনাদের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকার আরও গভীরে প্রবেশ করে অভিযান জোরদার করতে হবে। বিউফোর্ট দুর্গ ও আশপাশের কৌশলগত এলাকা দখলকে বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেন তিনি।
নেতানিয়াহু বলেন, ‘আমাদের যোদ্ধারা বিউফোর্ট ঘাঁটি দখল করে সেখানে ইসরাইলের পতাকা উত্তোলন করেছে। আমি আইডিএফকে লেবাননে অভিযান আরও বাড়ানোর নির্দেশ দিয়েছি। এখন নির্দেশ হলো, হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোর আরও ভেতরে যাওয়া এবং অভিযান জোরদার করা।’
লেবানন সরকারের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে দেশটিতে ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কাতার। দেশটি বলেছে, লেবাননে ইসরাইলের হামলা ও স্থল অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং তা দ্রুত বন্ধ হওয়া উচিত।
এমএস/